যোগ সাধনার গুহ্যতত্ত্ব : শ্রীগীতা - অষ্টম অধ্যায় - অক্ষর ব্রহ্মযোগঃ
ওঁং নারায়নং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ ওঁং। ২১.০৫.২০২২ যোগ সাধনার গুহ্যতত্ত্ব : শ্রীগীতা - অষ্টম অধ্যায় - অক্ষর ব্রহ্মযোগঃ শ্লোক :৮/ ১-২ আমরা এবার অক্ষর ব্রহ্মযোগ অধ্যায়ে প্রবেশ করেছি। ক্ষর কথাটার অর্থ হচ্ছে, যার ক্ষয় আছে, যা ক্ষয়িষ্ণু, যা প্রতিনিয়ত ক্ষয় প্রাপ্ত হচ্ছে। তো কি এমন বস্তু আছে, যার ক্ষয় নেই, কোনো পরিবর্তন নেই ? জাগতিক সমস্ত বস্তু প্রতিনিয়ত পরিবর্তনের ধর্ম্মে আবদ্ধ। এটাই প্রকৃতির নিয়ম। জাগতিক দৃশ্যমান সকল বস্তু এমনকি আমাদের শরীর-মন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আমাদের জ্ঞান পরিবর্তন হচ্ছে। আমাদের হৃদয়েও পরিবর্তন লক্ষিত হচ্ছে। তাহলে সেই অজানা বস্তু কি যার কোনো ক্ষয় নাই, যা নিত্য, অপরিবর্তনীয়, নিত্যবিরাজমান । শাস্ত্র বলেন, সবকিছুর অন্তরস্থ যিনি তিনিই ব্রহ্ম। এই ব্রহ্ম থেকে সবকিছুর উদ্ভব। ব্রহ্ম নির্গুণ, নিরাকার। এই ব্রহ্মই জ্ঞাতা-জ্ঞেয়-জ্ঞান। এই ব্রহ্ম সর্বত্র। এমন নয়, যে ব্রহ্ম কিছু সৃষ্টি করলেন, তারপর তাতে প্রবেশ করলেন। সত্য হচ্ছে ব্রহ্ম সবকিছুর উপরে ন্যস্ত। তিনি না প্রবেশ করেন, না উৎক্রান্ত...